27 Oct 2026
“Understanding the Enabling Environment: Why Good Technical Solutions Need More Than Technology” শীর্ষক পাবলিক লেকচার অনুষ্ঠিত
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), CFID এবং FINISH Mondial-এর যৌথ আয়োজনে গত ২৭ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) বিকাল ৫টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামটরস্থ প্ল্যানার্স টাওয়ারের বিআইপি কনফারেন্স হলে “Understanding the Enabling Environment: Why Good Technical Solutions Need More Than Technology” শীর্ষক একটি পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিআইপির যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন। সেশনটি সঞ্চালনা করেন বিআইপির সহ-সভাপতি পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান। এ সময় তিনি রিসোর্স পারসন Stan Maessen-এর বাংলাদেশসহ বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। পরবর্তীতে Collective for Inclusive Development (CFID)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা আনজুম অনুষ্ঠানের উদ্দেশ্য ও বিষয়টির গুরুত্ব তুলে ধরেন। তিনি পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য এ আলোচনার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন এবং আয়োজনটির জন্য বিআইপিকে ধন্যবাদ জানান।
মূল প্রবন্ধ উপস্থাপক Stan Maessen তাঁর বক্তব্যে তুলে ধরেন, যথাযথ প্রাতিষ্ঠানিক, আর্থিক, সামাজিক ও নিয়ন্ত্রক সহায়তা না থাকলে সুপরিকল্পিত কারিগরি সমাধানও প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ হতে পারে। লেকচারে বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর ও টেকসই সেবা নিশ্চিত করতে প্রযুক্তিগত সমাধানের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামো, নীতিমালা, অর্থায়ন, দক্ষ জনবল, অংশীজনদের অংশগ্রহণ এবং কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়। বাংলাদেশের পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উদাহরণ তুলে ধরে তিনি এসব উপাদানের পারস্পরিক সম্পর্ক ও গুরুত্ব ব্যাখ্যা করেন। এ ছাড়া, সহায়ক পরিবেশ (Enabling Environment) মূল্যায়নের জন্য তাঁর দলের তৈরি স্কোরিং ও ওয়েটিংভিত্তিক একটি টুল উপস্থাপন করেন এবং স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বর্জ্য ব্যবস্থাপনায় বিকেন্দ্রীকৃত পদ্ধতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মূল প্রবন্ধ উপস্থাপনা শেষে একটি প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা টেকসই বর্জ্য ব্যবস্থাপনার সহায়ক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান চ্যালেঞ্জ এবং এ বিষয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে স্ট্যান ম্যাসেনকে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনার প্রেক্ষাপট ও বিদ্যমান বাস্তবতা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
আলোচনায় বিআইপির প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. গোলাম রহমান বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, বিশেষ করে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তাঁর মতামত তুলে ধরেন। তিনি শুধু ঢাকা নয়, বরং বাংলাদেশের সব শহরে কার্যকর ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সমাপনী বক্তব্যে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম মূল বক্তা স্ট্যান মেসেনকে তাঁর তথ্যবহুল ও ফলপ্রসূ উপস্থাপনার জন্য ধন্যবাদ জানান এবং সকল অংশগ্রহণকারীর সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি স্ট্যান মেসেনের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে বিআইপির আরও শেখার আগ্রহ প্রকাশ করেন এবং জ্ঞান বিনিময়ে ধারাবাহিক আলোচনা ও বৈঠকের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইপির সহ-সভাপতি পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান, কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ আবু ছালেহ মোঃ শহীদুল্লাহ, বোর্ড সদস্য (একাডেমিক অ্যাফেয়ার্স) পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার, বোর্ড সদস্য (মেম্বারশিপ অ্যাফেয়ার্স) পরিকল্পনাবিদ সাদী মোহাম্মদ হারুনসহ বিভিন্ন পর্যায়ের পরিকল্পনাবিদ ও পেশাজীবীরা।
বিআইপি বিশ্বাস করে, এ ধরনের আয়োজন টেকসই নগরসেবা নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থাপনা, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।