25 Aug 2026
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে বিআইপি’র সৌজন্য সাক্ষাৎ
গত ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর প্রতিনিধি দলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বিআইপি’র সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বিআইপি’র পেশাগত ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম তুলে ধরেন। এ সময় মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রতিষ্ঠানসমূহে পরিকল্পনা কাঠামো বাস্তবায়ন ও পরিকল্পনাবিদ নিয়োগ, স্থানিক পরিকল্পনা কাঠামো বাস্তবায়নে বিআইপি’র সঙ্গে মন্ত্রণালয়ের পারস্পরিক সহযোগিতা, নবগঠিত উন্নয়ন কর্তৃপক্ষসমূহের অর্গানোগ্রাম ও সাংগঠনিক কাঠামো, নগর উন্নয়ন অধিদপ্তরে পরিকল্পনাবিদদের পেশাগত সমস্যা সমাধান, বিআইপি’র বার্ষিক অনুদান বৃদ্ধি এবং বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৬-এ মন্ত্রণালয়ের অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সচিব মহোদয় দেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিতকরণে বিআইপি’র সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। আলোচ্য বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যে মন্ত্রণালয়ের নতুন গঠিত উন্নয়ন কর্তৃপক্ষসমূহের মাসিক সমন্বয় সভায় বিআইপি’র প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিকল্পিত উন্নয়ন ও পেশার মর্যাদা প্রতিষ্ঠায় বিআইপি’র সরকারি অংশীদারদের সঙ্গে কার্যকর সহযোগিতা সম্প্রসারণের ধারাবাহিকতায় এ সাক্ষাৎকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে বিআইপি। এ সময় বিআইপি’র প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের বোর্ড সদস্য (একাডেমিক অ্যাফেয়ার্স) পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার।