04 Aug 2026
টেকসই পানি ব্যবস্থাপনার জন্য সমন্বিত নগর পরিকল্পনার চর্চা জরুরি: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
গত ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ঢাকা-চট্টগ্রাম সহ নগর পানি ব্যবস্থাপনা, পয়নিষ্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমন্ত্রিত পেশাজীবী হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সহ-সভাপতি-১ পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান অংশগ্রহণ করেন।
বৈঠকে সমন্বিত নগর পরিকল্পনা, খাল পুনরুদ্ধার, জলাধার সংরক্ষণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর তীরের স্থিতিশীলতা, বর্জ্যপানি ব্যবস্থাপনা এবং জলবায়ু-সহনশীল পানি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বিশেষজ্ঞগণ দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলবায়ু-সহনশীল কৌশল গ্রহণ ও আন্তঃসংস্থা সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনার জন্যে সমন্বিত নগর পরিকল্পনার চর্চা জরুরি। একইসাথে, তিনি টেকসই ও দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতের এক পর্যায়ে পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের পক্ষ থেকে প্রেরিত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আবেদপত্রের বিষয়ে অবহিত করেন এবং চিঠিটির একটি অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন। বিষয়টি অবগত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিআইপি’র সাথে বৈঠকের বিষয়ে পৃথক সময় প্রদানের আশ্বাস প্রদান করেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তাঁর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
বিআইপি মনে করে, দেশের পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রধান এবং পেশাজীবী পরিকল্পনাবিদদের মধ্যে কার্যকর সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সাক্ষাৎ সেই কাঙ্ক্ষিত সংলাপের পথকে আরও সুগম করবে বলে আমরা আশাবাদী।