20 May 2026
মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী বিআইপি’র প্রতিনিধি দলে সৌজন্য সাক্ষাত
গত ২০ মে ২০২৬ (বুধবার) তারিখে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর প্রতিনিধি দলের সাথে মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বিআইপির সহ-সভাপতি-১ পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে বিআইপির বিভিন্ন কার্যক্রম, বাংলাদেশে পরিকল্পনাবিদদের বিদ্যমান কর্মক্ষেত্র এবং এসপিএফ (SPF)-এর আলোকে পরিকল্পনাবিদদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন। একইসাথে জাতীয় উন্নয়ন ও টেকসই নগরায়ণে পরিকল্পনাবিদদের ভূমিকা এবং কাজের পরিধি নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনাকালে মাননীয় প্রতিমন্ত্রী সরকারি পর্যায়ে পরিকল্পনাবিদদের বর্তমান অবস্থান ও সংখ্যা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি একটি পরিকল্পিত ও সমন্বিত বাংলাদেশ বিনির্মাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পর্যায়ক্রমে দেশের সকল উপজেলাকে পরিকল্পনার আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন। এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-কে সম্পৃক্ত রেখে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
মাননীয় প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সারাদেশে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কার্যক্রম জোরদার হলে উপজেলা পর্যায়ে পরিকল্পনাবিদদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সুষম, টেকসই ও পরিকল্পিত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পরিকল্পিত বাংলাদেশ গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বিআইপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সহ-সভাপতি-১ পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান, সহ-সভাপতি-২ পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, বোর্ড সদস্য পরিকল্পনাবিদ মোঃ রিমন আহমেদ আসিফ, পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার, পরিকল্পনাবিদ সাদী মোহাম্মদ হারুন এবং স্থানিক পরিকল্পনা বিশেষজ্ঞ পরিকল্পনাবিদ এ কে এম রিয়াজ উদ্দীন।
এসময় বিআইপির পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।