13 May 2026
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাথে বিআইপি’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত
বিগত ১৩ মে ২০২৬ (বুধবার) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব মোঃ এনায়েত উল্লাহ মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎতে প্রতিনিধি দল বিআইপির বিভিন্ন পেশাগত ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে মহাপরিচালককে অবহিত করে। একইসাথে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় পরিকল্পনাবিদদের কার্যকর সম্পৃক্ততার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়।
আলোচনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অর্গানোগ্রামে পরিকল্পনাবিদ পদ অন্তর্ভুক্তি এবং যোগ্য পরিকল্পনাবিদ নিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধি দল বিআইপি কর্তৃক প্রণীত স্থানিক পরিকল্পনা মহাপরিচালকের নিকট হস্তান্তর করে এবং এর বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত অবহিত করে।
এসময় চলমান খাল খনন কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। মহাপরিচালক বর্তমান প্রক্রিয়া সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেন এবং কার্যকর ও পরিকল্পিত উপায়ে কীভাবে খাল খনন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে সে বিষয়ে মতবিনিময় করেন।
পরিশেষে পানি সম্পদ সংশ্লিষ্ট সকল পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে পরিকল্পনাবিদদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সমন্বিত পরিকল্পনা চর্চা জোরদারের ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
বিআইপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, সহ-সভাপতি-২ পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন এবং ইনস্টিটিউটের সাবেক সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন।
এসময় বিআইপির পক্ষ থেকে সচিব মহোদয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।