12 May 2026
স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয়ের বিআইপি’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত
বিগত ১২ মে ২০২৬ (মঙ্গলবার) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর একটি প্রতিনিধি দল স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মোঃ শহীদুল হাসান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে পরিকল্পনাবিদদের অংশগ্রহণ বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালীকরণ এবং পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও, স্থানীয় সরকার বিভাগে বিআইপি কর্তৃক প্রস্তাবিত “স্থানীয় সরকার পরিকল্পনা অণুবিভাগ”,“স্থানীয় সরকার স্থানিক পরিকল্পনা অধিদপ্তর”এবং “স্থানিক পরিকল্পনা ও নগর উন্নয়ন একাডেমী” প্রতিষ্ঠার প্রস্তাবনা বাস্তবায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, পরিকল্পনাবিদদের কার্যকর সম্পৃক্ততা বৃদ্ধি এবং পৌরসভার অর্গানোগ্রাম সংক্রান্ত বিষয়সমূহ নিয়েও মতবিনিময় করা হয়। টেকসই, সমন্বিত ও পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে দক্ষ পরিকল্পনাবিদদের অংশগ্রহণ ও প্রাতিষ্ঠানিক কাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আলোচনায় মতামত ব্যক্ত করা হয়।
আলোচনায় পৌরসভাসমূহে ১৯০ টি শূন্যপদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নগর পরিকল্পনাবিদদের দ্রুত নিয়োগ প্রদান এবং বিদ্যমান সকল শূন্য পদে প্রয়োজনীয় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ প্রেক্ষিতে সচিব মহোদয় এস্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল সংস্থার শূন্যপদ পূরণের জন্য তিনি ইতোমধ্যে সার্বিক নির্দেশনা প্রদান করেছেন এবং পরিকল্পনাবিদ নিয়োগের বিষয়টিও সেই নির্দেশনার অন্তর্ভুক্ত বলে প্রতিনিধি দলকে অবহিত করেন।
এসময় অবসরপ্রাপ্ত পরিকল্পনাবিদদের পেনশন সংক্রান্ত জটিলতার বিষয়টি সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টির গুরুত্ব স্বীকার করে জানান যে, এটি একটি কেন্দ্রীয় নীতিগত বিষয় এবং সরকার এ সমস্যা সমাধানে কাজ করছে।
বিআইপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, পিএইচডি, কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ আবু ছালেহ মোঃ শহীদুল্লাহ এবং ইনস্টিটিউটের সাবেক সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন।
এসময় বিআইপির পক্ষ থেকে সচিব মহোদয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।