22 Apr 2026
পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বিআইপি’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত
গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ, দুপুর ১২:০০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর একটি প্রতিনিধি দল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি মহোদয়ের সাথে তাঁর কার্যালয়ে একটি সৌজন্য সাক্ষাত করেন। বিআইপি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, সহ-সভাপতি পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এবং পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, পিএইচডি এবং পানি সম্পদ বিশেষজ্ঞ এবং ফেলো, বিআইপি পরিকল্পনাবিদ মোঃ মহিরুল ইসলাম মহির।
সাক্ষাতের শুরুতে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ও এর কার্যাবলী সম্পর্কে মাননীয় মন্ত্রী মহোদয় কে একটি সম্যক ধারণা প্রদান করা হয়। একইসাথে, ক্রমাগত জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পানি সম্পদের সুষম ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের পানির চাহিদা পূরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণসহ দেশব্যাপী খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানি সম্পদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করে স্বনির্ভর কৃষি ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে বর্তমান সরকারের গৃহীত উদ্যোগের জন্য বিআইপি’র প্রতিনিধি দলের সদস্যগণ মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সৌজন্য সাক্ষাতে সারা দেশের স্থানিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, টেকসই আঞ্চলিক ও গ্রামীণ পরিকল্পনা, বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা, দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় পরিকল্পনাবিদদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
মাননীয় মন্ত্রী পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে বিআইপি’র সক্রিয় অংশগ্রহণের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এসময় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) দেশের পরিকল্পনা খাতে গুণগত মানোন্নয়ন ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।