BIP News

05 Mar 2026

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বিআইপি’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিগত ৩ মার্চ ২০২৬ (মঙ্গলবার) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)-র একটি প্রতিনিধিদল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টুর সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে টেকসই নগর উন্নয়ন এবং পরিবেশবান্ধব পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। একই নগর পরিকল্পনার সাথে সমন্বয় করে প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং গবেষণাভিত্তিক পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব তুলে ধরা হয়। একইসাথে বনজ সম্পদের উন্নয়ন, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও টেকসই পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিআইপি প্রতিনিধি দল পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল নগর পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সাথে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

বিআইপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, সহ-সভাপতি পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এবং পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, পিএইচডি, যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন এবং ইনস্টিটিউটের সাম্মানিক সদস্য অধ্যাপক ড. এ. টি. এম. নুরুল আমিন।

এসময় বিআইপির পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে বিআইপির প্রকাশনা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।