03 Mar 2026
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বিআইপি’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিগত ৩ মার্চ ২০২৬ (মঙ্গলবার) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)-র একটি প্রতিনিধিদল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলমের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় ঢাকা মহানগরীসহ সারা দেশের জন্য পরিকল্পিত ও নিরাপদ পরিবহণ ব্যবস্থা, ট্রাফিক গভর্নেন্স, গণপরিবহণ ব্যবস্থার সম্প্রসারণ, পথচারীবান্ধব রাস্তা, তিন চাকা বিশিষ্ট বৈদ্যুতিক যানবাহনসহ বিবিধ বিষয়ে মাননীয় মন্ত্রীর সাথে বিআইপির প্রতিনিধিগণ আলোচনা করেন। নৌপথ ও রেলপথ উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেয়া এবং ঢাকা-গাজীপুর বিআরটি দ্রুততর সময়ের মধ্যে চালু করার বিষয়ে আলোচনা করা সময়।
এছাড়াও প্রয়োজন অনুযায়ী সড়ক অবকাঠামো সম্প্রসারণের ক্ষেত্রে পরিবেশ ও অর্থনৈতিক উপযোগিতা সঠিকভাবে যাচাই এবং রেল ও নৌপথের সাথে তুলনা করে প্রকল্প গ্রহণের বিষয়ে মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করা হয়। এসময় বিআইপির পক্ষ থেকে প্রজেক্ট এ্যাপ্রোচের পরিবর্তে হলিস্টিক প্ল্যানিং এ্যপ্রোচের মাধ্যমে নৌ, রেল ও সড়ক অবকাঠামো বিনির্মাণের উপর গুরুত্বারোপ করা হয়।
বিআইপি প্রতিনিধি দল দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সমন্বিত ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা, পরিকল্পিত নগর ও আঞ্চলিক সংযোগ উন্নয়ন এবং নিরাপদ ও টেকসই পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন এবং সরকারের সাথে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এসময় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে মাননীয় মন্ত্রী ও বিআইপি প্রতিনিধিগণ একমত পোষণ করেন।
বিআইপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, সহ-সভাপতি পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান, সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, পিএইচডি, বিআইপির ফেলো ও পরিবহণ বিশেষজ্ঞ পরিকল্পনাবিদ ড. সৈয়দ মুহাম্মদ ওয়ালিউল্লাহ এবং পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ নুরুল হাসান।
এসময় বিআইপির পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে বিআইপির প্রকাশনা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।