BIP News

21 Feb 2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২'র সকল ভাষা শহীদদের প্রতি বিআইপির বিনম্র শ্রদ্ধা

গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দেশের নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনাবিদদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র পক্ষ থেকে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বায়ান্ন’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সহ-সভাপতি পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, পিএইচডি, যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন, কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ আবু ছালেহ মোঃ শহীদুল্লাহ, বোর্ড সদস্য পরিকল্পনাবিদ মোঃ রিমন আহমেদ আসিফ, পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার, পরিকল্পনাবিদ সাদী মোহাম্মদ হারুনসহ বিআইপির কর্মকর্তা ও অফিস সহায়কগণ।

এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আসিফ-উজ-জামান খান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক পরিকল্পনাবিদ এ.টি.এম. শাহজাহান, বিআইপির সাবেক সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন এবং পরিকল্পনাবিদ মুনাওয়ার সোহেলসহ অন্যান্য পরিকল্পনাবিদগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মায়ের মুখের ভাষার জন্য আত্নত্যাগকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়াও, গণমুখি পরিকল্পনা প্রণয়ণ ও বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলা ভাষায় দেশের সব স্তরের পরিকল্পনা প্রস্তুতসহ দাপ্তরিক সকল ক্ষেত্রেই বাংলা ভাষা ব্যবহারের দাবী জানানো হয়। পাশাপাশি, বাংলাদেশ ও বিশ্বে বসবাসকারী সকল জাতিগোষ্ঠীর নিজ নিজ ভাষায় কথা বলা ও ভাব প্রকাশের মৌলিক অধিকারের প্রতি সংহতি প্রকাশ করা হয়। পরিশেষে, উপস্থিত সকল পরিকল্পনাবিদ দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিকল্পিত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।