BIP News

02 Nov 2025

জাতীয় স্থানিক পরিকল্পনা (National Spatial Planning) প্রণয়ন ও বাস্তবায়নের কর্মকৌশল নির্ধারণের নিমিত্তে সুপারিশমালা প্রদানের উদ্দেশ্যে টাস্কফোর্স গঠন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ এর নির্দেশনায় দেশের উন্নয়ন পরিকল্পনায় স্থানিক পরিকল্পনা (Spatial Planning) অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে জাতীয় স্থানিক পরিকল্পনা (National Spatial Planning) প্রণয়ন ও বাস্তবায়নের কর্মকৌশল নির্ধারণের নিমিত্তে সুপারিশমালা প্রদানের উদ্দেশ্যে ০৯ (নয়) সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হয়েছে।

বিগত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের ডেল্টা অনুবিভাগের উপ-প্রধান জনাব মুহাম্মদ আবুল হাশেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির এমেরিটাস অধ্যাপক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-এর সাম্মানিক সদস্য ড. এ. টি. এম. নুরুল আমিনকে টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন : 
  • অধ্যাপক ড. সেলিম রশিদ, এমেরিটাস অধ্যাপক, ইলিনয় বিশ্ববিদ্যালয় এবং সাম্মানিক সদস্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স
  • অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স
  • সৈয়দ শাহরিয়ার আমিন, সহ-সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স
  • শেখ মুহাম্মদ মেহেদী আহসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স
  • ড. মুঃ মুসলেহ উদ্দীন হাসান, অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং কোষাধ্যক্ষ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স
  • ড. ফারহানা আহমেদ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)
  • এ. কে. এম. রিয়াজ উদ্দীন, সদস্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স
  • সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিনিধি, পরিকল্পনা কমিশন

টাস্কফোর্সের কার্যপরিধিতে বলা হয়েছে :
(ক) আগামী দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে, (খ) প্রয়োজনে টাস্কফোর্সে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে, (গ) পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা প্রদান করবে।